১৩ মার্চ, ২০১৫ ২০:০৭
ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, লঞ্চ , নৌকা অনেকভাবেই বিয়ে করতে বরযাত্রী যাওয়ার প্রচলন আছে এদেশে । আর ইঞ্জিন গাড়ির কথা তো বলাই বাহুল্য । ভাটি অঞ্চলে বরযাত্রী যাওয়ার জন্য নৌকা কিংবা লঞ্চই এখনো পর্যন্ত একমাত্র বাহন । শহরাঞ্চলে বনেদিয়ানা দেখাতে কিংবা শখ মেটাতে অনেকে ঘোড়ার গাড়ি করেন যান ।
কিন্তু শখ মেটাতে বাইসাইকেলে করে বিয়ে করতে বর যাচ্ছেন বরযাত্রী নিয়ে ! এমন দৃশ্যে সত্যই বিরল । খোঁজ নিয়ে জানা গেল বাংলাদেশে এমন বিয়ের ঘটনা ঘটছে আর একবারই । সিলেটে এবারই প্রথম এমন বিরল ঘটনার সাক্ষী হল নগরবাসী । ১৩ মার্চ শুক্রবার এমন ইতিহাসই রচনা হলো মোহাম্মদ আনোয়ার হোসেনের বিয়েতে ।
সিলেট সাইক্লিষ্ট কমিউনিটি গ্রুপের অন্যতম মডারেটর এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন ঠিক করলেন বিয়ে করবেন প্রিয় বাইসাইকেলে চড়ে । যেই কথা সেই কাজ । হয়ে গেল ফেসবুক ইভেন্ট । বরসহ ৬০/৭০ জন সাইক্লিষ্ট নগরীর আম্বরখানার বরের নিজ বাসা থেকে থেকে সোবহানিঘাট আগ্রা কমিউনিটি সেন্টারে এলেন তারা । বর সাজে কাউকে বাইসাইকেল বহর নিয়ে যেতে দেখে অভিভূত মানুষজন রাস্তার দুপাশে দাঁড়িয়ে যান । কনের বাড়ির লোকজনও পেলেন নতুন আমেজ । হল ভিন্ন রকমের আনন্দ ফুর্তি ।
কেন এমন আয়োজন জানতে চাওয়া হলে বরের পক্ষ থেকে সিলেটটুডে২৪ডটকম কে জানানো হয় - প্রাত্যহিক একঘেয়ে জীবনে ভিন্ন কিছু করতেই তাঁর এমন আয়োজন । সাথে আছে সাইকেল-প্রেম । এই আয়োজনে শতভাগ সমর্থন ছিল তাঁর সাইক্লিষ্ট বন্ধুদের । সাইকেল চালিয়ে দলবেঁধে যেখানে তারা প্রায়ই চলে যান শ্রীমঙ্গল, সুনামগঞ্জ, তামাবিল কিংবা ছাতকে সেখানে বিয়ে করতে যেতে সমস্যা কি? সেই চিন্তা থেকেই ভিন্ন এই আয়োজন ।
সিলেট সাইক্লিষ্ট কমিউনিটির অপর মডারেটর কাজী অহিদ বলেন - আগামীতেও বাইসাইকেল নিয়ে ব্যতিক্রমী নানান আয়োজন করে যাবেন তারা ।
আপনার মন্তব্য