Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী, দূতাবাসের শোক

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৩

রমিম উদ্দিন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুইস শহরে রমিম উদ্দিন আহমেদ নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

গত বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টার সময় সিমৌরি রাজ্যের সেন্ট লুইস শহরে রমিম উদ্দিন আহমেদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

ডাকাততের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডাকাতরা রমিমের নগদ অর্থ ও গাড়ি ছিনতাই করতেই তাকে হত্যা করে।

রমিমের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। তিনি প্রায়ত বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন আহমেদের সন্তান।

২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেন্ট লুইসের একটি কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়ার পাশাপাশি একটি গ্যাস স্টেশনে পার্ট-টাইম চাকরি করতেন।

এদিকে, বাংলাদেশি শিক্ষার্থী রমিম উদ্দিনের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। বৃহস্পতিবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেইজের এক সংক্ষিপ্ত বার্তায় এ শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুইস শহরে সম্প্রতি নিহত ২২ বছর বয়সি বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। একটি ডাকাতির ঘটনায় তিনি নিহত হন। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই নির্মম অপরাধের সুষ্ঠু তদন্ত দাবি করছি আমরা। আমাদের আশা অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় নিহতের পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে আমরা সমানভাবে ব্যথিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.