Sylhet Today 24 PRINT

বাংলাদেশের উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার আহবানে লন্ডনে সংলাপ

জুয়েল রাজ, লন্ডন |  ২১ জুলাই, ২০২৩

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে লন্ডনে বৃহস্পতিবার এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।

ইলফোর্ড টাউন কাউন্সিলর ও রেডব্রিজ লেবার গ্ৰুপের চেয়ার সায়মা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণদের প্রশ্ন এবং বাংলাদেশ ভাবনা দিয়ে শুরু হওয়া এই সংলাপে আরও অংশ নেন বিভিন্ন সেক্টরে অসামান্য অবদান রাখা পেশাজীবী ও কমিউনিটি ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ডায়াস্পোরা কমিউনিটি বা প্রবাসী বাংলাদেশিদের সাথে সরকারের নীতিনির্ধারকদের এ ধরনের সংলাপ বা চিন্তার আদান-প্রদান অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস-বান্ধব নীতিসহ বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, ঐতিহাসিকভাবে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি আমাদের সব ধরনের সংকটে ধনাত্মক অবদান রেখে এসেছে।

প্রবাসীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণসহ তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের উন্নয়ন বেগবান হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিনিয়োগ, শিক্ষা-গবেষণা এবং সাংস্কৃতিক আদানপ্রদানের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের শেকড়ের সাথে সম্পৃক্ত করবার অনুকূল পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.