Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুলাই, ২০২৩

মোহাম্মদ আবুল হাশিম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আবুল হাশিম (৪২)।

স্থানীয় সময় গত রোববার সকালে অ্যারিজোনার ফিনিক্স শহরের কাছে এক মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলায় বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। তাদের ৯ ভাইবোনের ছয় ভাই ও এক বোন যুক্তরাষ্ট্রে থাকেন।

নিহত ব্যক্তির বড় ভাই আবদুল হক জানান, নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে তারা দুই ভাই সকাল ও বিকেলে পালায় কাজ করেন। রোববার সকাল সাড়ে ছয়টায় গুলি চালানোর ঘটনা ঘটে। তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিবি জনসন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

এদিকে গতকাল মঙ্গলবার আবুল হাশিমের হত্যাকাণ্ড নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইট করেন। টুইটে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম। এর আগে ইয়াজুদ্দিন আহমেদ নিহত হন। তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান ইয়াজুদ্দিন পড়াশোনার খরচ মেটাতে মুদিদোকানে কাজ নিয়েছিলেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.