Sylhet Today 24 PRINT

কানাডায় দুর্বৃত্তদের হামলায় সিলেটের শরীফ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০২৩

ছবি: সংগৃহীত

কানাডায় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশি প্রবাসী শরীফ রহমান নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্টারিও প্রদেশের লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শরীফ ওই প্রদেশের ওয়েনসাউন্ড ডাউন টাউনের প্রাণকেন্দ্রে ‘দ্য কারি হাউজ’ রেস্তোরাঁ ব্যবসায় জড়িত ছিলেন। ১৭ আগস্ট সেখানে খেতে আসেন তিনজন ব্যক্তি। সে সময় শরীফ রেস্তোরাঁয় আসা মাত্রই তার ওপর হামলা চালায় তারা। এতে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে স্থানীয় অন্টারিওর লন্ডন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

শরীফ রহমানের বাড়ি সিলেট ক্যান্টনমেন্টের পাশে বটেশ্বর এলাকায়।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে লন্ডনের গ্লাসগো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন। এর পর তিনি কানাডায় চলে যান। সেখানে তিনি ২০১৫ সালে ‘দ্য কারি হাউজ’ নামে রেস্তোরাঁর ব্যবসা শুরু করেন।

তার স্ত্রী শায়েলাও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তাদের সাত বছরের একটি মেয়ে আছে। এ ঘটনায় ওয়েনসাউন্ড সিটির মেয়র গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্থানীয় সময় শুক্রবার সিটিতে পতাকা অর্ধনমিত রাখা হয়। পুলিশ সন্দেহভাজন দুজনের ছবি প্রকাশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.