Sylhet Today 24 PRINT

দেশে দেশে শ্রমবাজার প্রসারিত করার আহবান

প্যারিসে আয়েবার সভা

শাবুল আহমেদ, প্যারিস |  ১৪ জুলাই, ২০২৪

বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

ফ্রান্সের রাজধানী প্যারিসের আয়েবা সদর দপ্তরে শনিবার (১৩ জুলাই) সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় এ আহবান জানান নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ইউরোপে বিভিন্ন দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং আর্থসামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার প্রসারিত করতে বাংলাদেশ দূতাবাসসমূহকে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন এবং পোল্যান্ড থেকে উপস্থিত ছিলেন শরীফ আহমেদসহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.