জুয়েল রাজ, লন্ডন | ১৪ সেপ্টেম্বর, ২০২৪
বিগত একযুগের ধারাবাহিকতায় এবারও লন্ডনে শুরু হচ্ছে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৪।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য-এর আয়োজনে প্রতিবছরের মত ১৪ ও ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইল্যান্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে প্রতিদিন দুপুর ১.৩০ থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বই মেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব। ঢাকা থেকে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন প্রকাশনা সংস্থা মেলায় যোগ দিচ্ছে।
যুক্তরাজ্যের বইমেলাকে কেন্দ্র করে এবারও এ পর্যন্ত ১০টির অধিক বই প্রকাশিত হয়েছে। মেলার দিন পর্যন্ত সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি এ কে এম আব্দুল্লাহ।
তিনি বলেন, প্রতি বছরের মত এবারও বাংলাদেশ ছাড়াও ইউরোপ আমেরিকা থেকেও আমাদের বইমেলায় অতিথিগণ আসবেন বলে আমরা আশা করছি। ইতোমধ্যে আমাদের সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। অপেক্ষা শুধু কাঙ্ক্ষিত ক্ষণের। প্রবাসী লেখক সাংবাদিক শিল্পীরা আমরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।। আমরা আশা করছি বিগত বছরের মত একটি সফল বইমেলা আমরা উপহার দিতে পারব।
সভাপতি কবি, লেখক ময়নূর রহমান বাবুল বলেন, বাংলাদেশের অমর একুশের বইমেলার পরে লন্ডনের এই বইমেলা আমার জানামতে দ্বিতীয় বৃহৎ বইমেলা হিসাবে পরিচিত। এই বইমেলাকে কেন্দ্র করে প্রতিবছর ১৫/২০টা বই এবং ২/৩টা সংকলন, লিটলম্যাগ প্রকাশিত হচ্ছে এখন। বিশেষ করে প্রবাসী লেখক কবি সাহিত্যিকদের জন্য একটা বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এই ক্ষেত্রটা যে কোন মূল্যে ধরে রাখতে চাই। বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রবাসে আমাদের আত্মপরিচয়ের সংযোগ স্থাপনের এক বড় মাধ্যম। এর মাধ্যমেই নতুন প্রজন্মকে পরিচয় করে দিতে হবে।। আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রবাসে আমাদের জন্য অক্সিজেন হিসাবে কাজ করে এই আয়োজন।
এবারের দুইদিন ব্যাপী আয়োজনে প্রতিদিনই বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানাবিধ আয়োজন থাকছে। যুক্তরাজ্যের বইপ্রেমী সকলের এই মিলনমেলায় আমরা সবাইকে আমন্ত্রণ জানাবো, আসুন এবং সফল একটি মেলা উপভোগ করুন। বই কিনুন ,বই পড়ুন। বাংলা ভাষা, শিল্প ,সাহিত্যকে বাঁচিয়ে রাখুন আমাদের আগামী প্রজন্মের জন্য। বাংলা, বাঙালি, বাংলাদেশ আর আমাদের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব। দেশে প্রবাসে সবক্ষেত্রে এই অহংকারকে আমরা ঊর্ধ্বে তুলে ধরবই। তাই এবারে আমরা এই দ্বাদশ বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের শিরোনাম দিয়েছি "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি"।