প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি | ৩০ অক্টোবর, ২০২৪
ঢাকা-প্যারিস সরাসরি বিমানের ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। এই দাবিতে আন্দোলনে নামছেন বলে ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসীরা।
২৯ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় ফ্রান্স দর্পণ বিডি ম্যুবিল সংলাপে প্যারিসের কমিউনিটির নেতারা এ ঘোষণা দেন।
তারা বলেছেন, যখন ফ্রান্সে মাত্র ৩-৪ হাজার বাংলাদেশীর বসবাস ছিলো তখন বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট পরিচালিত হতো। আর এখন লক্ষাধিক অভিবাসীর বসবাস, তাহলে কেন ঢাকা-প্যারিস সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে না? আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে অন্য দেশের এয়ারলাইনসে টিকেট কেটে দেশে যাব কেন? বিমান বাংলাদেশ আমাদের মায়ের মত। মায়ের কোলে করেই মায়ের সান্নিধ্যে আসা যাওয়া করতে চাই।
'বিমানের ঢাকা-প্যারিস ফ্লাইট চালুর যৌক্তিকতা ও আমাদের করনীয়' শীর্ষক আলোচনায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। 'ফ্রান্স দর্পণ বিডি ম্যুবিল' এর উদ্যোগে উক্ত সংলাপে বক্তারা চমৎকার অভিজ্ঞতা এবং ফ্লাইটের সম্ভাব্য বাণিজ্যিক এবং কৌশলগত নানাদিক তুলে ধরেন।
ফ্রান্স দর্পণ পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম এর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখঞ্জীর সঞ্চালনায় এ আলোচনা অনুষ্ঠানে অংশ নেন ইউরোভিশন নিউজ ডট কম সম্পাদক সিনিয়র সাংবাদিক মান্নান আজাদ, সিলেট বিভাগীয় সমাজকল্যাণ সমিতি, ফ্রান্স এর সভাপতি আজাদ মিয়া, বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তওফিকা শাহেদ, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) এর সভাপতি এমডি নুর, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, সামাজিক সংস্থা আইছা'র সভাপতি উবায়েদুল্লাহ কয়েছ, অমি ভয়াজের পরিচালক তানজিম হোসেন, জাতীয়তাবাদী যুব দলের আন্তর্জাতিক বিষয়ক সাবেক সম্পাদক এস এম মিলটন সরকার, মনডিয়াল ট্রাভেলস এর পরিচালক ইব্রাহিম হাসান প্রমুখ।
সংলাপের শুরুতেই নিউজ টুয়েন্টি ফোর টিভি চ্যানেলের ঢাকা-প্যারিস বিমানের ফ্লাইট চালু নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, এদেশে বিভিন্ন সময়ে মন্ত্রী এমপিসহ নানা স্তরের নেতারা আসলে আমরা ফুলের তোড়া নিয়ে হুমড়ি খেয়ে পড়ি। তৈলমর্দনে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এরকম একটি আবশ্যিক দাবী আদায়ে কার্যকর চেষ্টা চালাই না। লক্ষাধিক বাংলাদেশী অভিবাসীর এদেশে বিমানের ফ্লাইট লাভজনক না হবার কোনো কারন নেই।