Sylhet Today 24 PRINT

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২৪

ভারতে পাচার হওয়া ২৬ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন। ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে তারা ভারত যান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বের) সন্ধ্যার পর ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।

ফেরত আসারা- দিনাজপুর, ফরিদপুর, পিরোজপুর, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, গোপালগঞ্জ, টাংগাইল, ঠাকুরগাও, কুড়িগ্রাম, ঢাকা, বগুড়া, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ খুলনা, নড়াইল ও মাগুরা জেলার বাসিন্দা। তাদের বয়স ১২ থেকে ৪৫ বছরের মধ্যে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, ২৬ বাংলাদেশি সন্ধ্যার পর চেকপোস্টের নোমান্সল্যান্ডে তাদের কাছে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়। সেখান থেকে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার নামে দুটি এনজিও সংস্থা তাদের দায়িত্ব নিয়েছেন। ফেরত আসাদের শেল্টার হোমে রাখা হবে। পরে তাদেরকে নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা আব্দুল মুহিত জানান, ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন জায়গায় কাজ করার সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পুলিশ তাদেরকে আদালতে পাঠায়। আদালত তাদেরকে সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগের পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে নিজেদের শেল্টার হোমে রাখেন। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।

এ সময় বেনাপোল-পেট্রাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি-বিএসএফ, কাস্টমস,পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.