Sylhet Today 24 PRINT

মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

নিজস্ব প্রতিবেদক |  ৩০ ডিসেম্বর, ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সচিব পদমর্যাদার) এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ৯ ডিসেম্বর মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

গত রোববার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অফিস আদেশ প্রকাশ করা হয়।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

গত ২১ অক্টোবর তাকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এ সময় তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

উল্লেখ্য, প্রায় এক দশক মার্কিন হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিমণ্ডলে পেশাদার এই সাংবাদিক বাংলাদেশের ভঙুর মানবাধিকার পরিস্থিতি ও আওয়ামী লীগের শাসনের নানা প্রসঙ্গ তুলে ধরেছেন।

যুক্তরাষ্ট্রে মুশফিকুল ফজল আনসারী হোয়াইট হাউস এবং জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়া পারসপেক্টিভস-এর নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মুশফিকুল ফজল আনসারী। তিনি দৈনিক ইত্তেফাকের কূটনীতিক প্রতিবেদক ছিলেন। ইত্তেফাক ভবন থেকে প্রকাশিত ক্রীড়ালোকের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও বার্তা সংস্থা ইউএনবিসহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় কাজ করেছেন। ছিলেন বিশ্বব্যাংকের কনসালট্যান্টও।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সভাপতিসহ মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন দায়িত্বও পালন করেন তিনি।

সিলেটের সন্তান মুশফিকুল ফজল আনসারী জাস্ট নিউজ বিডি ডট নেটের প্রধান সম্পাদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.