Sylhet Today 24 PRINT

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠন

যুক্তরাজ্য প্রতিনিধি |  ০৬ জানুয়ারী, ২০২৫

সৈয়দ এনাম ইসলামকে সভাপতি ও জুয়েল রাজকে সাধারণ সম্পাদক করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য কমিটি গঠিত হয়েছে।

গত রোববার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন এনামুল হক এনাম।

সম্মেলনের প্রথম পর্বে বিগত কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মুনিরা পারভীন প্রতিবেদন উপস্থাপন করেন। আর্থিক বিবরণী তুলে ধরেন এনামুল হক।

সম্মেলনে বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, নূর উদ্দীন ও হামিদ মোহাম্মদ, সহ সভাপতি হরমুজ আলী ও কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লাহ, সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, জামাল আহমেদ খান, মকিস মনসুর, নাজমা হোসাইন, জুয়েল রাজ, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, নির্বাহী সদস্য জেসমিন চৌধুরী।

হরমুজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের আন্দোলন আর বর্তমানের আন্দোলন সম্পূর্ণ ভিন্ন। এবারের যুদ্ধটা আলাদা, তাই এমন নেতৃত্ব নিয়ে আসতে হবে যারা এই যুদ্ধটা স্বপ্রণোদিত হয়ে নেতৃত্ব দেবেন।

জেসমিন চৌধুরী বলেন, আমাদের ৭১ চেতনা বলেন কিংবা ১৯৭২ এর সংবিধানের প্রতি বিশ্বাস থেকেই আমি সংগঠনে যুক্ত হয়েছিলাম। এখন সময় নতুন প্রজন্মকে আমাদের সাথে শরিক করতে হবে, নতুবা আমাদের পরাজয় নিশ্চিত। নতুন কমিটি আমাদের সেই প্র‍্যতাশা পূরণ করবে।

নিলুফা ইয়াসমিন হাসান বলেন, আমরা জানি কেন বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে। বাংলাদেশ থেকে ১৯৭১ , মুক্তিযুদ্ধ এই সব মুছে দিতে চাইছে।

মুক্তিযোদ্ধা এম এ রউফ বলেন, যুদ্ধ করে একবার বাংলাদেশ স্বাধীন করেছি, এরপরে কেন আমরা আবার যুদ্ধ করব? আগে আমাদের আত্মসমালোচনা করতে হবে।

মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান বলেন, আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না। আমাদের স্বাধীনতা বিপন্ন, মুক্তিযুদ্ধ,জাতির জনক, সংবিধান সবই বিপন্ন। শুধু আত্মসমালোচনা করলে হবে না। নতুন করে আমাদের ভাবতে হবে। এই অপশক্তিকে আগে রুখে দিতে হবে। যারা নতুন নেতৃত্বে আসবে তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিকে বড় পরিসরে নেতৃত্ব দেবে।

শাহ মুস্তাফিজুর রহমান বেলাল বলেন, আমরা তো যুদ্ধেই আছি , এবার যেন আমরা শত্রু মিত্র চিনতে ভুল না করি।

দ্বিতীয় পর্বে গত কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নিলুফা ইয়াসমিন হাসান, জামাল আহমেদ খান, হিফজুর রহমান খান, মকিস মনসুর, নাজমা হোসাইন,স্মৃতি আজাদ ও মুনিরা পারভীন।

এই কমিটি আগামী তিন সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.