সিলেটটুডে ডেস্ক | ১১ জুন, ২০২৫
যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সমর্থনে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘রিফর্ম বাংলাদেশ’র ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শতাধিক লোক উপস্থিত ছিলেন।
সমাবেশে সিরাজ হক, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ যৌথভাবে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন।
এছাড়া, ড. ইউনূসকে স্বাগত জানাতে হোটেলের সামনে সকাল থেকে অবস্থান নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তাদের কারও কারও হাতে ছিল ব্যানার, ড. ইউনূসের ছবি। তাদের অনেকেই জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়।
উল্লেখ্য, চার দিনের সফরে লন্ডন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা যায়, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের দেওয়া ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।