যুক্তরাজ্য প্রতিনিধি | ২৭ জুন, ২০২৫
যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) লন্ডন বাংলা প্রেসক্লাবে ‘মাগো ভাবনা কেন’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য কমিটির সভাপতি সৈয়দ এনাম ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল রাজ।
অনুষ্ঠানের শুরুতে জাহানারা ইমামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জাহানারা ইমামের গণ আদালত গঠন ও আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু মূসা হাসান।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য গঠনে জাহানারা ইমাম কীভাবে তরুণদের যুক্ত করেছিলেন সেই প্রেক্ষিত নিয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ড. আনসার আহমদ উল্লাহ। এছাড়াও শহীদ জননীর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, কবি শামীম আজাদ ও চলচ্চিত্র নির্মাতা লিসা গাজী।
জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ বই থেকে পাঠ করেন বাচিক শিল্পী মুনিরা পারভীন। শেষ চিঠি পাঠ করেন নজরুল ইসলাম অকিব।
অনুষ্ঠানের ছিল শহীদ জননীকে নিয়ে বিলেতের বাংলাদেশী কবিদের স্বরচিত মৌলিক কবিতা আবৃত্তি। এ পর্বে অংশ নেন কবি শামীম আজাদ, কবি হরমুজ আলী, কবি হামিদ মোহাম্মদ, কবি শাহাব আহমেদ বাচ্চু, কবি মাসুক ইবনে আনিস, কবি মাহফুজা তালুকদার, কবি মুজিবুল হক মনি, কবি ধনঞ্জয় পাল।
কবি শামীম আহমেদ ও কবি আতাউর রহমান মিলাদের লেখা কবিতা আবৃত্তি করেন উর্মি মাজহার, কবি দিলু নাসেরের কবিতা আবৃত্তি করেন নিলুফা হাসান ও কবি জুয়েল রাজের কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভীন।
অনুষ্ঠান সমাপ্ত হয় উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাজ্য সংসদের শিল্পী নুরুল ইসলাম ও অসীমা দের নেতৃত্বে সমবেত কণ্ঠে স্মরণসভার থিম সংগীত, মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে গানে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বেলাল, সহ সভাপতি জামাল খান, নাজমা হোসেন, সত্যব্রত দাশ স্বপন, মাহমুদ হাসান মিঠু, লিপি ফেরদৌসী প্রমুখ।