Sylhet Today 24 PRINT

যুক্তরাজ্যে বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২৫

বর্ষীয়ান রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ মারা গেছেন।

শনিবার (২৩ আগস্ট) ভোর ৩টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সুলতান মাহমুদ শরীফ ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি। ২০১১ সাল থেকে তিনি সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

সুলতান মাহমুদ শরীফের জন্ম ১৯৪১ সালের ২৬ শে জানুয়ারী বরিশাল জেলার কতোয়ালী থানার চানপুরা ইউনিয়নের সারুখালী গ্রামে।

স্কুল জীবনেই তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ইকবাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৩ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় লন্ডনে একজন ছাত্রনেতা হিসেবে সামনের কাতারে ছিলেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক হিসেবে তার ভূমিকা ছিল অনন্য। যুক্তরাজ্যপ্রবাসী বাঙালিদের নিয়ে বিশ্ব জনমত গড়ে তুলতে আরও অনেকের সঙ্গে তিনি ছিলেন সামনের কাতারে। ১৯৭১ সালের এপ্রিল মাসে লন্ডন থেকে বাংলাদেশে গিয়েও স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭২ সালের নভেম্বর মাসে যুবলীগের প্রতিষ্ঠা হলে শেখ ফজলুল হক মণি যুবলীগের চেয়ারম্যান হন, সুলতান শরীফ সেই কমিটির সম্পাদলমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৭৩ সালে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি প্রেসিডিয়াম সদস্যেরও দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.