Sylhet Today 24 PRINT

অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ ডিসেম্বর, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবৈধ অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের চাপ সামলাতে আরও কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে।

সোমবার (৮ ডিসেম্বর) ইইউ’র সদস্য দেশগুলো অভিবাসন নীতিতে কয়েকটি নতুন পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে পদক্ষেপগুলো প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে। এই প্রস্তাবের ওপর প্রথমবারের মতো ভোট হবে, যা ইউরোপীয় কমিশন উপস্থাপন করেছে। এতে অভিবাসীদের আগমন ও প্রত্যাবর্তন আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা থাকবে।

নতুন নিয়মের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হলো- ইইউ’র ২৭ দেশের বাইরে ‘রিটার্ন হাব’ বা পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা।

এছাড়া, স্বেচ্ছায় দেশে না ফেরায় কঠোর শাস্তি এবং দীর্ঘ মেয়াদে কারাগারে রাখার প্রস্তাবও অন্তর্ভুক্ত রয়েছে।

একই সঙ্গে, অভিবাসীদের তাদের নিজ দেশে নয়, ইইউ নির্ধারিত ‘নিরাপদ’ তৃতীয় দেশে ফেরত পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপজুড়ে ডানপন্থী দলগুলোর ভোটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বিভিন্ন সরকার অভিবাসন ইস্যুতে আরও কঠোর অবস্থান নেওয়ার চেষ্টা করছে।

ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবগুলো কার্যকর হওয়ার আগে এখন ইউরোপীয় পার্লামেন্টের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপগুলো ইইউ’র অভিবাসন ব্যবস্থাকে আরও দ্রুত ও কঠোরভাবে কার্যকর করার অংশ।

তবে অভিবাসীদের অধিকার সংরক্ষণে কাজ করা বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ধরনের কঠোরতার প্রতি কড়া আপত্তি জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.