Sylhet Today 24 PRINT

৫ হাজার বিদেশিকে স্থায়ী বসবাসের সুযোগ দেবে কানাডা

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২৫

কানাডা জুড়ে তীব্র চিকিৎসক–সংকট মোকাবিলায় নতুন করে পাঁচ হাজার বিদেশি চিকিৎসককে দ্রুত স্থায়ী বাসিন্দা (পিআর) করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

গত সোমবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে অভিবাসনমন্ত্রী লিনা ডায়াব এ পরিকল্পনার বিস্তারিত জানান।

মন্ত্রী বলেন, ‘এই চিকিৎসকদের অনেকেই ইতিমধ্যে আমাদের কমিউনিটিতে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। আমরা তাঁদের হারানোর সামর্থ্য রাখি না।’

নতুন ঘোষণায় জানানো হয়, আগামী ২০২৬ সাল থেকে চিকিৎসকদের জন্য এক্সপ্রেস এন্ট্রির একটি বিশেষ ক্যাটাগরি চালু হবে।

এ ক্যাটাগরিতে যোগ্য হতে হলে- গত তিন বছরে অন্তত এক বছরের কানাডায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বর্তমানে একটি বৈধ চাকরির প্রস্তাব থাকতে হবে এবং প্রাদেশিক বা টেরিটোরিয়াল কর্তৃপক্ষের মনোনয়ন থাকতে হবে।

মনোনীত চিকিৎসকদের ওয়ার্ক পারমিট মাত্র ১৪ দিনে প্রক্রিয়াকরণ করা হবে, যাতে তাঁরা স্থায়ী বাসিন্দা হওয়ার অপেক্ষায় থেকেও কাজ চালিয়ে যেতে পারেন।

সরকারি হিসাব অনুযায়ী, কানাডায় বর্তমানে প্রায় ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১১ শতাংশ শিশু-কিশোর নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবার আওতার বাইরে। পারিবারিক চিকিৎসা, সার্জারি, ক্লিনিক্যাল ও ল্যাবরেটরি মেডিসিনে বিশেষ অগ্রাধিকার দিয়ে চিকিৎসক সংকট দূর করতেই নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ ঘোষণার পর সবচেয়ে আলোচিত প্রশ্ন- বাংলাদেশসহ অন্য দেশ থেকে সরাসরি কি আবেদন করা যাবে?

সরকার স্পষ্ট জানিয়েছে- না। এই বিশেষ ক্যাটাগরি শুধুমাত্র বর্তমানে কানাডায় কর্মরত সাময়িক বিদেশি চিকিৎসকদের (Temporary Foreign Workers) জন্য। তাঁরা কানাডায় থেকেই পিআরের দ্রুত সুযোগ পাবেন। অতএব, বাংলাদেশ, ভারত বা অন্য কোনো দেশ থেকে সরাসরি এ ক্যাটাগরিতে আবেদন করা সম্ভব নয়।

কানাডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (CMA) এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনের সভাপতি ডা. মার্গট বার্নেল বলেন, ‘কানাডায় বর্তমানে ১৩ হাজারের বেশি আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত চিকিৎসক তাঁদের পেশায় কাজ করতে পারছেন না। প্রতিভা ধরে রাখা এবং নতুন চিকিৎসক আকর্ষণে আরও দ্রুত এগোতে হবে।’

সব মিলিয়ে, নতুন এ উদ্যোগ কানাডায় চিকিৎসক- সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট মহল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.