Sylhet Today 24 PRINT

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ রেমিট্যান্সে কোন প্রভাব পড়বে কী না এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘স্বাভাবিক, কিছু প্রভাব তো পড়বেই।তবে সরকার রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। দ্রুতই তা দৃশ্যমান হবে। এর সুফল আপনারা অচিরেই দেখতে পারবেন ।

যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা প্রসঙ্গে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে মধ্যপ্রাচ্যে যেসব প্রবাসীরা আছেন তাদের নিরাপদে রাখা। তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়া। কেউ ইনজুরি হলে স্বাস্থ্য সেবা দেওয়া। পরিস্থিতি আরও খারাপ হলে তাদের দেশে আনার বিষয়েও চিন্তা করতে হচ্ছে।

তিনি বলেন, এজন্য যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসরকারি বিমান মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নিয়ে একটি মনিটরিং সেল রা হয়েছে। প্রতিদিন পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমাদের নাগরিকদের নিরাপত্তায় তা করার চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত আমরা বাংলাদেশি তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। তাদের পরিবারের সাথেও আমরা যোগাযোগ করছি।

প্রবাসে বাংলাদেশের জন্য বন্ধ বাজার চালু প্রসঙ্গে তিনি বলেন, যেসব বাজার বন্ধ হয়ে গেছে, সে সব বাজার চালু করার চেষ্টা চলছে। তবে এখন যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে এখন তা সম্ভব হচ্ছে না। তাই আমরা পূর্বদিকে চেষ্টা করছি। রমজান ও যুদ্ধের কারণে এই কাজ এখন একটু স্লো। আশা করছি, আগামী মাস থেকে তা আরও গতি পাবে।

এরআগে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের ছিনাই ও কিশোর গ্যাং বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে সভায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.