সিলেটটুডে ডেস্ক | ২৮ মার্চ, ২০২৬
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে এক গৌরবময় ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৬ মার্চ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ভুবনেশ্বর কলিতা এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি বিষয়ক বিভাগের সচিব মানবেন্দ্র প্রতাপ সিং।
অনুষ্ঠানে ১৯৭১ সালে আত্মত্যাগকারী বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা এবং ত্রিশ লক্ষ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একইসাথে বাংলাদেশের মুক্তিযোদ্ধা তছির উদ্দিন আহাম্মদ এবং ভারতের চারজন যুদ্ধবীর—অবসরপ্রাপ্ত কর্নেল রবিন দাস, অবসরপ্রাপ্ত কর্নেল জে.পি. নাউনি, অবসরপ্রাপ্ত মেজর বীরেন বরগোহাঁই এবং উইং কমান্ডার জগদীশ ভট্টাচার্য—এর প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং সহকারী হাইকমিশনার জিকরুল হাসান ফাহাদ তাঁদের বক্তব্যে বাংলাদেশ–ভারত বন্ধুত্বের দৃঢ় সম্পর্কের ওপর আলোকপাত করেন। এরপর অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শকরা উপভোগ করেন লাইভ শিল্পীদের কণ্ঠে দুই দেশের জাতীয় সংগীত, ভূপেন হাজারিকাকে উৎসর্গ করা বিশেষ পরিবেশনা এবং উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, যা এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে।
এই আয়োজনে বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও দক্ষিন আফ্রিকার শিক্ষার্থীদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো বহুজাতিক ও প্রানবন্ত করে তোলে।
ঐক্য, গর্ব ও স্মৃতিচারণার আবহে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে, যেখানে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতের, বিশেষ করে অসমের জনগণের মুক্তির আদর্শ ও যৌথ ইতিহাসকে সম্মান জানানো হয়।