Sylhet Today 24 PRINT

কৃষি ও পর্যটন খাতে ৯ হাজার কর্মী নিবে ইতালি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২৬

কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় নতুন এই কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়, অফিসিয়াল গেজেট এবং আন্তর্জাতিক ভিসা ও ইমিগ্রেশন-সংক্রান্ত বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয়ের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সিদ্ধান্তটি অনুমোদিত হলেও আনুষ্ঠানিকভাবে ৬ মে তা প্রকাশ করা হয়।

গ্রীষ্মকালীন কৃষিকাজ এবং পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতে এই অতিরিক্ত কোটা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন কোটার মধ্যে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫ হাজার ৩৮৯টি পারমিট। আর পর্যটন, হোটেল ও আতিথেয়তা খাতের জন্য রাখা হয়েছে ৩ হাজার ৪৭৬টি পারমিট।

ইতালিতে সিজনাল ভিসার অপেক্ষায় থাকা আবেদনকারীদের জন্য এ সিদ্ধান্ত বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ‘ক্লিক ডে’-তে আবেদন করেও কোটা শেষ হয়ে যাওয়ায় যারা সুযোগ পাননি, তাদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার আওতায় আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া নতুন আবেদনকারীরাও এই সুযোগের আওতায় আবেদন করতে পারবেন। তবে সে ক্ষেত্রে ইতালির বৈধ নিয়োগকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগকর্তাকে সরকারের ওয়ান-স্টপ ইমিগ্রেশন পোর্টালে আবেদন জমা দিতে হবে এবং কর্মীর বাসস্থানের নিশ্চয়তাও দিতে হবে।

ইতালির শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসা অনুমোদনের পর ইতালিতে পৌঁছে সংশ্লিষ্ট কর্মীকে ৪৮ ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

ইউরোপজুড়ে শ্রমিক সংকট বাড়তে থাকায় বিদেশি কর্মী নিয়োগে আরও নির্ভরশীল হয়ে উঠছে ইতালি। বিশেষ করে কৃষি, হোটেল ও পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার কর্মীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত কোটার সুযোগ বেশিদিন খোলা নাও থাকতে পারে। অতীতে অতিরিক্ত বরাদ্দ দেওয়া কোটাগুলো খুব অল্প সময়ের মধ্যেই পূরণ হয়ে গেছে। ২০১৫ সালে একই ধরনের অতিরিক্ত কোটা মাত্র দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায়।

তাই আগ্রহী আবেদনকারীদের দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে বৈধ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.