Sylhet Today 24 PRINT

চালু হতে যাচ্ছে মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার, জানালেন আরিফ

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২৬

সুইজারল্যান্ড এর জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীআরিফুল হক চৌধুরী।

পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে সোমবার সকালে মরিশাসের শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আরিফুল হক।

সভায় মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে খুব শিঘ্রই সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী দুই দেশ।

বৈঠকে মরিশাসে শ্রম মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারক এর খসড়া বাংলাদেশে শিঘ্রই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রম মন্ত্রী আশ্বস্ত করেন।

এছাড়া, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শুরুতেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান।

তিনি আরও জানান যে, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী। সবশেষে তিনি মরিশাসে শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব মো: আব্দুর রহমান তরফদার; সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশন এর প্রতিনিধি নাহিদা সোবহান; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম; সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম; বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.