সিলেটটুডে ডেস্ক | ২১ জুন, ২০২৬
যুক্তরাজ্যে এক যুবকের ওপর হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী জুবায়ের আহমদ। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবে কর্মরত বলে জানান।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়াও অন্য অভিযুক্তরা হলেন— এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম।
জুবায়ের আহমদের অভিযোগ অনুযায়ী, বিকেল ৪টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে ফেরার পথে একটি মাইক্রো বাইকের কাছাকাছি এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে তিনি গাড়ির পিছু নিয়ে একটি গ্রামীণ সড়কের দিকে গেলে ভ্যানটি সেখানে থামে। এরপর গাড়ি থেকে প্রায় ৮ জন ব্যক্তি নেমে এসে তাকে আক্রমণ করে বলে তিনি দাবি করেন। এসময় একজন ছোট একটি ছুরি দিয়ে আঘাত করলে তার পেটে জখম হয় বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর দাবি, হামলার সময় তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হচ্ছিল, এটি বুঝতে পেরে হামলাকারীরা ফোনটি নিয়ে নেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত এক ব্রিটিশ নারী ঘটনাটির ভিডিও ধারণ করেন এবং আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় এনসিপি নেতা জাকিরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এনসিপি ইউকে অ্যালায়েন্সে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে অভিযোগ করেছে।
দলটির ইউকে অ্যালায়েন্সের মেম্বার সেক্রেটারি মো. এম এ হিমেল বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে থানায় মামলা দায়েরের মাধ্যমে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে ইতোমধ্যেই যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। এছাড়া অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য এবং যুক্তরাজ্যজুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় ও সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্যসচিব মো. এম এ হিমেল এক বিবৃতিতে অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করেন। তিনি বলেন, যুক্তরাজ্যে দলটির নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হয়রানি ও অপপ্রচারের চেষ্টা চলছে। এসব অভিযোগের মাধ্যমে পুলিশি প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তার।
অন্যদিকে অভিযোগকারী পক্ষ দাবি করেছে, এটি একটি গুরুতর হামলার ঘটনা এবং এর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত চলমান। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।