Sylhet Today 24 PRINT

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সেমিনার আজ

যুক্তরাজ্য প্রতিনিধি |  ১৩ জুলাই, ২০২৬

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক শাসনের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কানাডাভিত্তিক অলাভজনক ও গবেষণাধর্মী থিংক ট্যাংক 'গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স' (জিসিডিজি)-এর উদ্যোগে আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেল ৫টায় এই সেমিনার অনুষ্ঠিত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের লিওনার্ড উলফসন অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারের শিরোনাম নির্ধারণ করা হয়েছে— ‘বাংলাদেশ অ্যাট এ ডেমোক্রেটিক ক্রসরোডস: হিউম্যান রাইটস, পলিটিক্যাল ইনক্লুশন অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেটিক গভর্ন্যান্স’।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সেমিনারটি মূলত বাংলাদেশের আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা এবং ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে একটি স্বাধীন ও তথ্যভিত্তিক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখবেন জিসিডিজি, কানাডার সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবে মিল্লাত এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন যুক্তরাজ্যের প্রখ্যাত মানবাধিকারকর্মী ক্রিস ব্ল্যাকবার্ন।

এই সেমিনারে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা অনলাইন ও সরাসরি উপস্থিত থেকে প্যানেল আলোচনায় অংশ নেবেন।

অনলাইনের মাধ্যমে প্যানেল আলোচনায় যুক্ত থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়; ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ও বেলজিয়ামভিত্তিক সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা; যুক্তরাজ্যের এলএসই ল স্কুলের পাবলিক ল'র অধ্যাপক ও রিসার্চ ডিরেক্টর অধ্যাপক তরুণ খৈতান এবং সুইজারল্যান্ডের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ডেপুটি অ্যাম্বাসেডর ও কমিশনার স্যার ভিনসেন্ট লিন।

অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল ভেন্যুতে সরাসরি উপস্থিত থেকে প্যানেল আলোচনা অংশ নেবেন যুক্তরাজ্যের প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ বদরুল আহসান; অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক অধ্যাপক ড. রায়হান রশিদ; সুইডেনের আইনজীবী মোনা হাগু স্ট্রিন্ডবার্গ এবং কিংস কলেজ লন্ডনের অ্যাফিলিয়েট একাডেমিক ড. আশফাক আলম।

এছাড়া লন্ডন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ড. নায়লা আরজুমান্দ হক প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতির দীর্ঘকালীন আটকের শিকার হওয়া একটি পরিবারের দৃষ্টিকোণ থেকে মানবাধিকার পরিস্থিতির ওপর বিশেষ বক্তব্য দেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.