Sylhet Today 24 PRINT

কানাডার এডমন্টনে সাস্টিয়ানদের প্রথম মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২৬

কানাডার এডমন্টন শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘সাস্টিয়ান সোসাইটি’র উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক বনভোজন ও মিলনমেলা।

গত ১৫ আগস্ট বিকালে স্থানীয় রান্ডলে পার্কে বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থীদের (সাস্টিয়ান) এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে এডমন্টন শহর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে সাস্টিয়ানরা অংশ নেন।

বনভোজনের মূল আনুষ্ঠানিকতা বিকেলে শুরু হলেও সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে পার্কে সমবেত হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। কুশল ও পরিচিতি বিনিময় শেষে দুপুরে দেশীয় বাহারি খাবারে মেতে ওঠেন অতিথিরা। পোলাও, চিকেন রোস্ট, খাসির রেজালার পাশাপাশি সালাদ ও মিষ্টি দইয়ের সুবাসে পার্কের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। খাবারের পাশাপাশি চলতে থাকে স্মৃতিচারণ ও আড্ডা। আড্ডায় স্থান পায় কানাডার জীবনযাত্রা, আইন-কানুন ও পেশাগত ক্ষেত্রে সাফল্যের নানা দিক নির্দেশনামূলক আলোচনা, যেখানে জ্যেষ্ঠ ও সফল সাস্টিয়ানরা নতুন আগতদের বিভিন্ন পরমর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও লটারি (র‍্যাফেল ড্র) আয়োজনকে আরও বেশি আকর্ষণীয় ও আনন্দদায়ক করে তোলে।

পুরো আয়োজনটির মূল তত্ত্বাবধানে ছিলেন জামিল আহমেদ, মোহাম্মদ রাশিদ তাহের, ফয়েজ আহমেদ, ফাহমিদা খানম উর্মি, জুলফিকার রাসেল, রাব্বানী রাসেল, আজিজুল হক, সাইফুল ইসলাম, সাদমান আবসার চৌধুরী, নূজহাত আনজুম, গৌরব কুমার সেন, আমিনুল হাসান, তাসলিমা সুলতানাসহ আরও অনেকে।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণ করেন উপস্থিত জ্যেষ্ঠ সাস্টিয়ানবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.