Sylhet Today 24 PRINT

ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক |  ২৯ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে শনিবার (২৯ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

আগামী ৪-৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন।

৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলন শেষে মন্ত্রীর আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.