Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে ‘হেনস্তা’, প্রবাসীরা আওয়ামী লীগ বলে সন্দেহ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাকে লক্ষ্য করে এ সময় তারা নানা স্লোগান দেন।

সোমবার (১২ অক্টোবর) দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান ও মন্তব্য করেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’, ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’সহ বিভিন্ন মন্তব্য করেন উপস্থিত প্রবাসীরা। পরে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে তাকে দ্রুত নিয়ে যান।

ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তিদের আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একটি ভিডিওতে এক ব্যক্তিকে ড. ইউনূসের বারবার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইতে শোনা যায়।

ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন? আমাদের বলুন, কেন এসেছেন?’

একপর্যায়ে ওই ব্যক্তি বাংলাদেশে দুই লাখ মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগ তোলেন। এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও করেন তিনি।

ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’

পরে অবশ্য কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস সামনের দিকে এগিয়ে যান। তবে এ বিষয়ে তাৎক্ষণিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ সময় ড. ইউনূসের সঙ্গে লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.