Sylhet Today 24 PRINT

লন্ডনে এনসিপির ওপর আ.লীগের হামলা: বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে ‘বহিষ্কারের’ দাবি

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২৬

পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিবিদেরা। স্থানীয় সময় সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলা হয়।

এ ঘটনায় রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ ব্রিটিশ সংসদ সদস্য এবং কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। তাঁদের কেউ কেউ সহিংসতায় জড়িত বিদেশি নাগরিক ও বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন।

মঙ্গলবার সকাল থেকে ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে রাতে লন্ডনের আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও মারামারির দৃশ্য দেখা যায়।

অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘গত রাতে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের উচ্ছৃঙ্খল দলগুলো এমন একটি রাজনৈতিক বিরোধ নিয়ে মারামারি করছিল, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই।’ তিনি লেখেন, ‘আমরা আমাদের সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করেছি এবং এখন তাদের নিজেদের মধ্যকার সংঘাত আমাদের রাস্তায় ঘটতে দেখছি। ব্রিটেন ভেঙে পড়েছে। আমাদের রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে আসে এমন যেকোনো বিদেশি নাগরিককে রিফর্ম বহিষ্কার করবে।’

রিফর্ম ইউকের হোম অ্যাফেয়ার্স–বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও ফেসবুকে সংঘর্ষের ভিডিও শেয়ার করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসের খবরেও তাঁর প্রতিক্রিয়া এসেছে। জিয়া ইউসুফ এ ঘটনার জন্য যুক্তরাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল কনজারভেটিভ (টোরি) পার্টি ও লেবার পার্টির অভিবাসননীতিকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে বাংলাদেশি পুরুষেরা পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। টোরি ও লেবার পার্টির নিয়ন্ত্রণহীন ব্যাপক অভিবাসননীতি ব্রিটিশ জনগণকে এই পরিস্থিতি উপহার দিয়েছে।’ পোস্টের শেষে নিজের দলের প্রতি সমর্থন চেয়ে তিনি লেখেন, ‘ব্রিটেনের রিফর্ম প্রয়োজন।’

অভিবাসনবিরোধী দল রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লো ফেসবুকে হামলার ভিডিও শেয়ার করে লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এদের সবাইকে বহিষ্কার করবে।’

ব্রিটিশ কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধী অ্যাকটিভিস্ট টমি রবিনসনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার অন্তত দুটি ভিডিও শেয়ার করেছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘গত রাতে লন্ডনের হ্যাভারিং বরোর রমফোর্ডে বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে রাস্তায় সহিংস সংঘর্ষ হয়েছে।’ পোস্টে তিনি বাংলাদেশিদের উদ্দেশে অবমাননাকর ভাষা ব্যবহার করে তাঁদের ফেরত পাঠানোর দাবি জানান। অপর এক পোস্টে ব্যঙ্গাত্মকভাবে ‘আধুনিক লন্ডন’ উল্লেখ করে তিনি লেখেন, ‘গত রাতের আরও ভিডিও, যেখানে বাংলাদেশিরা নিজ দেশের রাজনীতি নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। তাঁদের ধরে ফেরত পাঠিয়ে দিন।’

স্থানীয় এমপিসহ ব্রিটিশ সংসদ সদস্যদের প্রতিক্রিয়া

সংঘর্ষের ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। ওই আসনের ব্রিটিশ সংসদ সদস্য জাস আথওয়াল এক্সে ভিডিও শেয়ার করে ঘটনাটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘চ্যাডওয়েল হিথে সংঘটিত সহিংসতা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আমি পুলিশ ও স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে জোরালো তদন্ত, পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি। স্থানীয় বাসিন্দাদের শান্তি ও নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।’ কোনো উদ্বেগ থাকলে স্থানীয় বাসিন্দাদের সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

রমফোর্ডের ব্রিটিশ সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি স্পষ্ট করেছেন, ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকা রমফোর্ডে ঘটেনি; চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ আসনের অন্তর্ভুক্ত।

ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যামও এক্সে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘গত রাতে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলো সংঘর্ষে জড়িয়েছে। এভাবে চলতে পারে না। আপনি যদি এই দেশে আসেন, তাহলে বিদেশের বিবাদ পেছনে ফেলে আসতে হবে।’

ব্রিটিশ রাজনীতিকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের আরও কয়েকটি অ্যাকাউন্ট থেকেও হামলার ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হচ্ছে।

‘জিবি পলিটিকস’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করে লেখা হয়, গত রাতে লন্ডনের রমফোর্ডে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশি অভিবাসীরা রাস্তায় মারামারি করেছেন। জাস আথওয়াল, কেটি ল্যামসহ একাধিক ব্রিটিশ রাজনীতিক এবং অন্যান্য অ্যাকাউন্ট থেকে এই ভিডিও শেয়ার করা হয়েছে।

‘ব্যাসিল দ্য গ্রেট’ নামের আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, নিজেদের দেশ বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা নিয়ে বাংলাদেশি অভিবাসীরা রমফোর্ডের রাস্তায় মারামারি করছেন। এরপর অশালীন ভাষা ব্যবহার করে তাঁদের সবাইকে বহিষ্কারের দাবি জানানো হয়।

তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, কারা স্থায়ী বাসিন্দা কিংবা কারা অন্য কোনো অভিবাসন মর্যাদায় যুক্তরাজ্যে বাস করছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে লন্ডনে সংঘটিত এ সহিংসতা এখন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনৈতিক প্রচারণার উপাদান হয়ে উঠেছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের অভিবাসন পরিচয় নিশ্চিত না করেই তাঁদের বহিষ্কারের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বক্তব্যে কয়েকজন ব্যক্তির কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি জনগোষ্ঠীর ওপর চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।


যা ঘটেছিল

পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার দ্য মেফেয়ার ভেন্যুতে সোমবার (১৬ নভেম্বর) রাতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগ সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভ ও বাধার আশঙ্কায় সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে ৩০ জনের বেশি বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়েছিল।

অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাহিদ ইসলাম নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান। তাঁর অনুষ্ঠান চলার মধ্যেই বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এই পরিস্থিতিতে অনুষ্ঠান শেষে নাহিদ ইসলাম কড়া নিরাপত্তার মধ্যে হলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। তিনি চলে যাওয়ার পর বাইরে বিক্ষোভকারী আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসকে জানিয়েছেন, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে (লন্ডন সময়) হাই রোডে গোলযোগের খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তখন প্রায় ৫০ জন ব্যক্তির একটি দল বিক্ষোভ করছিল। সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়, তবে তাঁদের কারও আঘাত প্রাণহানিকর নয়। পুলিশ এ ঘটনায় তদন্ত চালাচ্ছে এবং তখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজও চেয়েছে পুলিশ।

সূত্র : প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.