Sylhet Today 24 PRINT

‘ঐক্য পরিষদ মানবাধিকার সংগঠন, প্রাণীর অধিকার রক্ষার সংগঠন নয়’

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

বাংলাদেশে গরু জবাই নিষিদ্ধের দাবি করা হয়েছে এমন এক সংবাদের প্রতিবাদ জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউ এস এ।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউ এস এ, ইনক. -এর জরুরি সভায় গৃহীত প্রস্তাবের আলোকে সাধারণ সম্পাদক স্বপন দাস সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার নামে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হরেছে। প্রকাশিত সংবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুক্তরাষ্ট্র-এর নাম অবৈধভাবে ব্যবহার করে কিছু স্বার্থপর বিতর্কিত ব্যক্তি অতি বিতর্কিত কিছু মন্তব্য করেছেন যা কোনভাবেই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটি অনুমোদন করে না এবং ওই সাংবাদিক সম্মেলনে যারা অংশ গ্রহণ করেছেন তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউ এস এ, ইনক.  এর সাথে যুক্ত নন।

বিবৃতিতে আরও বলা হয়, তারা অবৈধভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করছেন। বাংলাদেশে গরু জবাই বন্ধের কোনো বক্তব্যের সাথে কেন্দ্রীয় কমিটি বা বৈধ ও স্বীকৃত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউ এস এ, ইনক.-এর কোনো সংশ্রব নেই। আমরা তাদের এই ঘৃণ্য বক্তব্যের তীব্র নিন্দা করছি।

"বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার সংগঠন, এটা গরু কিংবা কোনো প্রাণীর অধিকার রক্ষার সংগঠন নয়।"

ঐক্য পরিষদের সভাপতি নবেন্দু দত্ত, নয়ন বড়ুয়া ও রেভ. জেমস রায় নামের প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এইসব অপশক্তি বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ের আন্দোলনকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য সাম্প্রদায়িক অপশক্তির সাথে হাত মিলিয়েছে। আমরা প্রকৃত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইউ এস এ, ইনক. এর নেতৃবৃন্দ ওই অবৈধ সংগঠন ও তার উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে বিবেচনা করছি।

বিবৃতিতে জানানো হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সকল রকম সাম্প্রদায়িকতার বিপক্ষে এবং সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে এমন কোনো বক্তব্য ঐক্য পরিষদ অনুমোদন করে না।

"ঐসব অপশক্তি বাংলাদেশের সম্প্রদায়িক অপশক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বলেই আমরা বিবেচনা করছি। বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের প্রতি আহবান তারা যেন এই অশুভ শক্তির অশুভ প্ররোচনায় বিভ্রান্ত না হন।"

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কয়েকটি জাতীয় ও সিলেটের স্থানীয় একটি সংবাদপত্রে "নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন, বাংলাদেশে গরু জবাই বন্ধের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের" শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এতে বলা হয়, "বাংলাদেশে অবিলম্বে আইন করে গরু জবাই বন্ধের দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখা। শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এছাড়া দাবি করা হয় যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নজিরবিহীন নিপীড়ন চলছে এবং তাদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তির মধ্যে চার ভাগের তিন ভাগ দখল করে নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।"

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.