নিলয় সরকার | ২৩ জুলাই, ২০১৬
প্রবাসে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন রচনার লক্ষ্যে "শান্ত থাকুন এবং ক্রিকেট খেলুন" – স্লোগানকে সামনে রেখে গত কয়েক বছরের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রদের উদ্যোগে আগামী ৫, ৬ ও ৭ আগস্ট ২০১৬ তারিখে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান-এর ছাত্রদের প্রতিনিধিত্বকারী দল সহ সর্বমোট ১০ টি অংশগ্রহণকারী দল নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট।
এবারই প্রথমবারের মত নর্থ ডাকোটা স্টেট-এর অন্য একটি বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী আরো দুটি রাজ্যের বাংলাদেশী ছাত্রদের প্রতিনিধিত্বকারী দুটি দলও অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা জানান, বাংলাদেশী ছাত্রসংগঠনএর সবার স্বেচ্ছাশ্রম এবং অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে ইতিমধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছাত্রছাত্রীদের মাঝে ভ্রাতৃত্বের সেতুবন্ধন রচিত হয়েছে এবং এই বন্ধন দৃঢ় করে রাখাই তাদের লক্ষ্য।
তারা জানান, প্রতিবছর অংশগ্রহণকারী দল থেকে কোন ফি না নিয়েই তারা এই আয়োজন করে থাকেন এবং এবারও তার ব্যতিক্রম নয়। ফার্গোতে বসবাসরত চাকুরীজীবী এবং বয়োজ্যেষ্ঠদের স্বতঃপ্রণোদিত আর্থিক অনুদানের মাধ্যমেই এই বিশাল আয়োজন সফল হয়ে উঠে প্রতিবার।
এমনকি বয়স ভুলে গিয়ে প্রবীণরা প্রতি বছরের ন্যায় এবারও তাদের প্রতিনিধিত্বকারী দল নিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।