Sylhet Today 24 PRINT

এবার ফোবানা অ্যাওয়ার্ড পাচ্ছেন ৭ বাংলাদেশি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০১৬

নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখে বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এবারের ফোবানা সম্মেলনে সাত বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হবে।

উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলোর জোট ফোবানার ৩০তম সম্মেলন শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। ওয়াশিংটনের পেন্টাগন শেরাটন হোটেলের বলরুমে এই সম্মেলন চলবে তিন দিন।

সম্মেলনের আয়োজক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির সভাপতি মো. আলমগীর বলেন, আমরা ৭ জন বাংলাদেশিকে বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা নিজ নিজ ক্ষেত্রে যেমন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তেমনি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতেও বিশেষ ভূমিকা পালন করছেন।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে অবদানের জন্য, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার সাংবাদিকতায়, মডার্ন ই-লার্নিং-এর উদ্ভাবক ড. বদরুল হুদা খান শিক্ষায়, রসায়নবিদ ড. আশরাফ আহমেদ বিজ্ঞানে, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট ওয়াহেদ হোসেনী সমাজসেবায়, মুকিত মজুমদার পরিবেশ উন্নয়নে ও আনশা জান্না ইসলাম গবেষণায় অবদান রাখার জন্য ফোবানা অ্যাওয়ার্ড পাচ্ছেন।

গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য, বাংলাদেশের খ্যাতনামা সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা এবারের সম্মেলনের অতিথি থাকবেন বলে জানান আলমগীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.