Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক  |  ১৪ আগস্ট, ২০১৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় দুর্বৃত্তের গুলিতে মাওলানা আলাউদ্দিন আকনজি নামে এক বাংলাদেশি ইমাম নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া তার সহকারীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে লিবার্টি অ্যাভিনিউয়ের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যম সিবিএস সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহত আলাউদ্দিন আকনজি ওজোনি পার্কের আল ফারুক মসজিদের ইমাম। জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হন ইম‍াম ও তার সহযোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমাম আলাউদ্দিন আকনজি ও তার সহকারী নামাজ শেষে বাসায় ফিরছিলেন। ৭৮ নং রোড়ের কাছে তাদের গুলি করা হয়। ৫টি গুলির শব্দ শুনেছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত অবস্থায় ইমাম আলাউদ্দিন আকনজি এবং তার সহকারী তারা মিয়াকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমাম আলাউদ্দিন আকনজিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় ইমামের সহকারীও মারা যান।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কেন তাদের গুলি করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.