Sylhet Today 24 PRINT

মদ্যপানের দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী সুমন হকের মনোনয়ন বাতিল

লণ্ডন সংবাদদাতা |  ২৫ এপ্রিল, ২০১৫

টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান কেলেঙ্কারির পর এবার আরেক  কেলেঙ্কারিতে জড়িত হয়ে মনোনয়ন বাতিল হলো বাংলাদেশি বংশোদ্ভূত সুমন হকের। তিনি ছিলেন লেবার পার্টির এমপি মনোনয়ন প্রার্থী।  

স্কটল্যান্ডের অ্যাবার্ডিনশায়ারের বেনফ অ্যান্ড বুখান আসনে লেবার দলের প্রার্থী হিসেবে তার নির্বাচন করার কথা ছিল।  মাত্রাতিরিক্ত মদ পান করে গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার (২৫ এপ্রিল) আদালতে হাজিরা দিতে হয় সুমন হককে।

এরপরই লেবার পার্টি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তিনি ছিলেন স্কটল্যান্ডের আসনে এমপি পদে মনোনয়ন পাওয়া প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী।

স্কটল্যান্ডের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের ১ মে সুমন হক মাত্রাতিরিক্ত মদ খেয়ে গাড়ি চালানোর সময় পুলিশের কাছে ধরা পড়েন। এ সময় তাঁর গাড়ি চালানোর লাইসেন্স ও গাড়ির ফিটনেস সার্টিফিকেট ছিল না।

এসব অভিযোগে সুমন হক শুক্রবার অ্যাবার্ডিন শহরের শেরিফ কোর্টে হাজিরা দিতে যান। তিনি সব অভিযোগ অস্বীকার করেন। আগামী মাসে এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

সুমন হকের অভিযোগের ব্যাপারটি জানাজানি হলে লেবার পার্টি এক বিবৃতিতে বলে, "লেবার পার্টির প্রতিনিধিত্ব করা থেকে সুমন হককে বরখাস্ত করা হয়েছে এবং সাধারণ নির্বাচনের প্রার্থী হিসেবে সুমন হকের ওপর থেকে আমরা সমর্থন প্রত্যাহার করে নিলাম।"

নির্বাচনের মাত্র ১২ দিন বাকি থাকতে সুমন হকের প্রার্থিতা বাতিল করার পরিপ্রেক্ষিতে লেবার দল আসনটিতে নতুন করে আর প্রার্থী দিতে পারবে না। কারণ গত ৯ এপ্রিল মনোনয়ন জমাদানের দিন শেষ হয়েছে। আগামী ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন হবে।

এই নির্বাচনে দেশটির প্রধান তিনটি দল থেকে বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১২ জন এমপি পদে মনোনয়ন পান। সুমন হকের প্রার্থিতা বাতিল হওয়ায় এই সংখ্যা কমে এখন ১১টি পদে নেমে এল। স্কটল্যান্ডে জন্ম নেওয়া সুমন হকের পূর্বপুরুষের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুক্তরাজ্যে একমাত্র   বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র  লুৎফর রহমান নির্বাচনে জালিয়াতির দায়ে আদালতে দোষী সাব্যস্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র পদ থেকে অপসারণ করা হয়। ওই ঘটনার পরদিনই  মাদকের অভিযোগে পতন ঘটল বাংলাদেশি বংশোদ্ভূত এমপি প্রার্থী সুমন হকের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.