Sylhet Today 24 PRINT

নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে সিলেটের ব্যবসায়ী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়িওয়ালার ছুরিকাঘাতে খুন হয়েছেন সেখানকার কমিউনিটি নেতা ও ব্যবসায়ী জাকির খান (৪৪)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকির খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এজাফত খানের ছেলে।

জাকিরের স্বজনরা জানান, যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই বাড়ির মালিকের ছুরিকাঘাতে খুন হয়েছেন তিনি। বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টায় ৯১১-এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যান। সেখান থেকে বেশ কয়েকটি ছুরিকাঘাতের শিকার জাকিরকে উদ্ধার করে দ্রুত স্থানীয় জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা জাকিরকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যে ঘাতক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.