Sylhet Today 24 PRINT

উগ্রপন্থী সন্ত্রাস থেকে মুক্তমনাদের সুরক্ষায় লন্ডনে সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৭

লন্ডনে অনুষ্ঠিত 'উগ্রপন্থী সন্ত্রাস থেকে মুক্তমনাদের সুরক্ষা' শীর্ষক এক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে উগ্রপন্থী তৎপরতা বেড়েছে। ২০১০ সালে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই তৎপরতা পেয়েছে আরও ব্যাপকতা।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখার বছরব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ এপ্রিল) পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয় এই সেমিনার। স্বাধীনতা ট্রাষ্টকে সাথে নিয়ে নেটওয়ার্ক ফর সোসিয়েল চেঞ্জের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করা হয়।

স্বাধীনতা ট্রাষ্টের সংগঠক জুলি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি আলোচক লন্ডন স্কুল অব ইকোনমিকস এন্ড পলিটিকাল সাইন্সের (এলএসই) অধ্যাপক চেটান বাট বাংলাদেশি কমিউনিটিতে উগ্রপন্থার প্রভাব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। নির্মূল কমিটি ও এলএসই'র সহযোগিতায় 'ইসলামের নামে সন্ত্রাস: ব্লগার, সেক্যুলার এক্টিভিস্ট ও মুক্তমনাদের উপর এর প্রভাব' শীর্ষক স্বাধীনতা ট্রাষ্ট পরিচালিত এক গবেষণা রিপোর্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধ্যাপক চেটান বাট। নিজের বক্তব্যে সেই রিপোর্টের সার্বিক তুলে ধরেন তিনি।

সেমিনারে অতিথি আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল হিউম্যানিষ্ট এন্ড এথিক্যাল ইউনিয়নের বব চার্চিল ও মনিটরিং প্রজেক্টের সুরেশ গ্রোভার। যুক্তরাজ্য নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এনামুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, যুক্তরাজ্য নির্মূল কমিটির সহসভাপতি ইসহাক কাজল, গণজাগরণ মঞ্চের অজন্তা দেব রায়, মাহমুদ এ রউফ, আইনজীবী নিঝুম মজুমদার, সৈয়দা নাজনিন সুলতানা শিখা, মোহাম্মদ ইয়াহিয়া, সলিসিটর পিয়া মায়নিন, যুক্তরাজ্য ঘাতক দালাল নির্মূল কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পুষ্পিতা গুপ্ত, সালিম মাহমুদ প্রমুখ।

সাউথ এশিয়ায় ইসলামের নামে সন্ত্রাস বিষয়ে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল হিউম্যানিষ্ট এন্ড এথিক্যাল ইউনিয়নের বব চার্চিল।

সৈয়দ এনামুল ইসলাম 'ইসলামের নামে সন্ত্রাস: ব্লগার, সেক্যুলার এক্টিভিস্ট ও মুক্তমনাদের উপর এর প্রভাব' শীর্ষক গবেষণা পরিচালনার প্রেক্ষাপট তুলে ধরেন তার স্বাগত বক্তৃতায়। মনিটরিং প্রজেক্টের সুরেশ গ্রোভার মৌলবাদী ধর্মীয় সন্ত্রাস মোকাবেলায় তাদের সংগঠন কি সহযোগিতা করতে পারে, তার উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্য গণজাগরণ মঞ্চের তৈরি একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উগ্রপন্থিদের টার্গেট ঝুঁকিতে রয়েছেন, এমন ব্লগার ও মুক্তমনাদের সাহায্যে ডাইরেক্টরি প্রকাশের ঘোষণা দেয়া হয় সেমিনারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.