Sylhet Today 24 PRINT

ইরাক দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৯

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইরাকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস  পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত রবিবার ইরাক দূতাবাসে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ইরাকে বসবাসরত বাংলাদেশী ও ইরাকি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাষ্ট্রদূত আবু মাকসুদ মোঃ ফরহাদের সভাপতিত্বে ও দূতালয় প্রধান মোঃ অহিদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন রাষ্ট্রদূত ফরহাদ, কাউন্সিল (শ্রম) রেজাউল কবির, দূতালয় প্রধান অহিদুজ্জামান লিটন ও দ্বিতীয় সচিব (শ্রম) আবু সালেহ মোঃ ইমরান। অনুষ্ঠানের দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ ইয়াছিন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন রাষ্ট্রদূত পত্নী মিসেস মেহবুবা খান ফরহাদ। সমাপণী বক্তব্যে রাষ্ট্রদূত বিদেশি এবং বাংলাদেশের নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং  কালজয়ী এ মহানায়কের সংগ্রামী জীবন ও আখ্যান, আদর্শ ও দর্শনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। একই সাথে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় বিদেশের বুকে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করার ভূমিকা পালনের জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে চিত্রাঙ্কনের অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.