Sylhet Today 24 PRINT

কর্মশালায় ২৬টি ছবি আঁকলেন সিলেটের তরুণ শিল্পীরা

গঠিত হলো ‘সিলেট ডট আর্টিস্ট গ্রুপ’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০২৬

সিলেট আর্টস কলেজের আয়োজনে তিন দিনব্যাপী “ইমপ্রেশন” চিত্রকলা কর্মশালা শনিবার সফলভাবে সমাপ্ত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী ১৫ জন উদীয়মান শিল্পী ও শিল্পানুরাগীর সম্মিলিত প্রচেষ্টায় মোট ২৬টি চিত্রকর্ম সম্পন্ন হয়।

চিত্রশিল্পী তারেক আমিনের পরিচালনায় আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা পর্যবেক্ষণমূলক অঙ্কন, কম্পোজিশন নির্মাণ, রঙের ব্যবহার এবং সমকালীন শিল্পভাবনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের শিল্পকর্ম উপস্থাপন, মূল্যায়ন এবং সনদপত্র প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘সিলেট ডট আর্টিস্ট গ্রুপ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ। Bangladesh Dot Artist Group-এর অংশ হিসেবে সিলেট বিভাগে এই সংগঠন গঠিত হয়েছে। এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক শিল্পসংগঠন, যার মূল লক্ষ্য চারুকলার চর্চা, বিকাশ ও প্রসার ঘটানো। এখানে “ডট” শব্দটি একজন শিল্পীকে নির্দেশ করে; একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর সৃজনশীল সংযোগ স্থাপনই এই সংগঠনের মূল দর্শন।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন করুণ দাস কিরণ, সাধারণ সম্পাদক অনিক দে জয় এবং কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সুমন।

সংগঠনের সদস্যবৃন্দ হলেন: কুশল রায়, মোঃ শাহনূর ইসলাম শ্রাবণ, দেবাদ্রিতা অর্জুন, হীরক জ্যোতি গুণ তীর্থ, অর্পিতা রায়, শর্মি দাস তালুকদার এবং ইসমাইল গনি হিমন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী হ্যারল্ড রশিদ চৌধুরী, শামসুল বাশিত শেরো, নীলাঞ্জন দাস টুকু, দেবাশীষ দেবু, রাজিব চৌধুরী এবং ইসমাইল গনি হিমনসহ বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

কর্মশালার পরিচালক চিত্রশিল্পী তারেক আমিন তাঁর বক্তব্যে বলেন, “শিল্পচর্চা কেবল ছবি আঁকার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষকে পর্যবেক্ষণ, চিন্তা ও সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়তা করে। ‘ইমপ্রেশন’ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু নতুন কৌশল শিখেনি, বরং একে অপরের সঙ্গে শিল্পভাবনার বিনিময়ের সুযোগ পেয়েছে। সিলেট ডট আর্টিস্ট গ্রুপের প্রতিষ্ঠা ভবিষ্যতে এই শিল্পী-সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং সিলেটের চারুকলা চর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানের বক্তারা আশা প্রকাশ করেন, এই কর্মশালা এবং নবগঠিত সংগঠন ভবিষ্যতে সিলেটের শিল্পাঙ্গনে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.