নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই, ২০২৬
সিলেটের লোকসংগীতের কিংবদন্তী শিল্পী শফিকুন্নূরের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 'সুবর্ণযাত্রা'র উদ্যোগে শুক্রবার সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ সংলগ্ন সারদা হলে ‘আলোচনা, স্মৃতিচারণে ও গানে শফিকুন্নূর" শীর্ষক এই নান্দনিক আয়োজনের আয়োজন করা হয়।
সুবর্ণযাত্রার জাফর সাদেক শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফেলো এবং ‘শফিকুন্নূর সমগ্র’র সম্পাদক সুমনকুমার দাশ, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, শিল্পী শফিকুন্নূর স্মৃতি সংসদের সভাপতি শিল্পী শাহ মো. আলী নূর, এবং সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অপু কুমার সেনাপতি।
এছাড়াও স্মৃতিচারণ ও আলোচনায় অংশ নেন নাট্যকার ও নাট্য নির্দেশক বাবুল আহমদ, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, প্রাক্তন জেলা শিশু সংগঠক জামান মাহবুব, কথাকলি সিলেটের সভাপতি লীলাঞ্জন দাস টুকু, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, পাঠশালার পরিচালক নাজমা পারভীন এবং শ্রুতির পরিচালক সুমন্ত গুপ্ত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "শফিকুন্নূর এই অঞ্চলের এক অমর লোকসংগীত শিল্পী। মাটির গন্ধমাখা তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে লোকগানের এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমেই আমাদের তরুণ প্রজন্ম শেকড়ের সন্ধান পাবে এবং লোকসংস্কৃতি সমৃদ্ধ হবে।"
শান্তনা দাশ মৌ ও প্রমি দেবের প্রাণবন্ত উপস্থাপনায় এবং গায়েত্রী রায়ের চমৎকার গ্রন্থনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে সংগীত পরিবেশন করেন বাউল সূর্য্যলাল দাশ, বাউল হারুণ মিয়া, শামীম আহমদ, তন্নী দেব ও বাউল শীতন বাবু।
এছাড়া নৃত্য পরিবেশন করে সিলেটের শীর্ষস্থানীয় নৃত্য সংগঠন 'নৃত্যশৈলী সিলেট'। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সংগীতপ্রেমী উপস্থিত ছিলেন।