নিজস্ব প্রতিবেদক | ২০ নভেম্বর, ২০২৬
প্রয়াণদিবসে গান ও কবিতায় আবারও ফিরে এলেন সঞ্জীব চৌধুরী। ১৯তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে সিলেটের সুরমা নদীর তীরঘেঁষা সারদা হল প্রাঙ্গণে বসেছিল বিশেষ সঞ্জীব স্মরণানুষ্ঠান। সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয়পুর’-এর আয়োজনে বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি, গীতিকার, সুরকার ও মুক্তপ্রাণ এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে মিলিত হন অসংখ্য ভক্ত ও সংস্কৃতিকর্মী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ‘তাঁর কী যে গুণ, তিনিই আগুন সূর্যের সমকক্ষ’ শীর্ষক এই স্মরণানুষ্ঠানের সূচনা করেন আবৃত্তিশিল্পী দেবাশীষ তালুকদার শুভ্র। মঞ্চ থেকে তিনি বলেন, ‘আজ একজন স্বপ্নভূক কিংবদন্তির গল্প বলবো। নষ্ট শহরে বুক চেতিয়ে প্রেম ও দ্রোহের গান গেয়ে যাওয়া এক গান মাস্তানের গল্প বলবো। যে মাস্তান স্বপ্ন দেখতেন দিনবদলের। যে মাস্তান বলতেন মানুষের কল্যাণের কথা, গাইতেন মানুষের জন্য, লিখতেন মানুষের মুক্তির জন্য। দেহতত্ত্ব থেকে রাজনীতি, সর্বক্ষেত্রেই ছিল যার অবাধ বিচরণ। তিনি আর কেউ নন, আমাদের সঞ্জীব চৌধুরী। স্বপ্নবাজদের সঞ্জীব দা।’
অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জীবনী, সংগীত, সংগ্রাম ও বিপ্লবী মানস তুলে ধরা হয়। সমবেত কণ্ঠে পরিবেশিত হয় তার জনপ্রিয় গান ‘তোমার ভাঁজ খোল আনন্দ দেখাও করি প্রেমের তরজমা গানে’। এরপর একে একে শোনা যায় তার কালজয়ী গানগুলোর সুর— আজও ডানা ভাঙা একটি শালিক হৃদয়ের দাবি রাখো; তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়স্কোপ; হাতের উপর হাতের পরশ রবে না; চেয়ারম্যান সাবে বগল বাজায়, আমি তোমাকে বলে দেবো; দোল ভাটিয়ালি এ নদী রূপালি ঢেউ এর তালে নৌকা বাজাও; আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ; রিকশা কেন আস্তে চলে না; আমি ফিরে পেতে চাই সেই বৃষ্টি ভেজা সুর; হাতছানি দেয় বাংলাদেশ।
সবশেষে ‘আমার স্বপ্নেরই কথা বলতে চাই’ গানটির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
গানের ফাঁকে ফাঁকে সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে দর্শকদের সঙ্গে কথা বলেন আবৃত্তিশিল্পী দেবপ্রিয়া পাল পর্ণা ও দেবাশীষ তালুকদার শুভ্র। পাশাপাশি গানগুলোর সঙ্গে সংগতি রেখে কবি পূর্ণেন্দু পত্রী, কবি রণজিৎ দাশ ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করা হয়।
দেবজ্যোতি দেবুর পাণ্ডুলিপিতে গান, আবৃত্তি ও বাদ্যযন্ত্র পরিবেশনায় অংশ নেন অরূপ বাউল, শ্রাবণী সূত্রধর পূজা, বিশাল চক্রবর্তী, দেবজ্যোতি দেবু, বর্ষণ চক্রবর্তী, সোনিয়া তালুকদার, দেবাশীষ তালুকদার শুভ্র, দেবপ্রিয়া পাল পর্ণা ও আলী আকবর। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে সুরমা তীরের এই স্মরণানুষ্ঠান সঞ্জীবপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।