Sylhet Today 24 PRINT

বেঙ্গল সংস্কৃতি উৎসব: পঞ্চ কবির গান গেয়ে মোহিত করলেন লিসা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৭

বেঙ্গল সংস্কৃতি উৎসবের পঞ্চম দিনে রবীন্দ্র সঙ্গীত শিল্পী লাইসা আহমেদ লিসার গানে মোহিত হয়ে পড়েন সিলেটের দর্শকরা।

রোববার রাত ৯টা ১০ মিনিটে তিনি হাছনরাজা মঞ্চে উঠেন। মাধুর্য ভরা কন্ঠে শুনান রবীন্দ্র সঙ্গীত, রজনীকান্ত, দ্বিজেন্দ্র লাল রায় ও অতুল প্রসাদের গান।  

ভাষার মাস। তাই প্রথমে খালি গলায়  অতুল প্রসাদ সেনের ‘মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা’ দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর গাইলেন রবীন্দ্র সঙ্গীত ‘আজি বাংলাদেশেরে হৃদয় হতে কখন আপনি’।

একে একে  দ্বিজেন্দ্র গীতি ‘ধনধান্যে পুষ্প ভরা’, রজনীকান্তের ‘জাগাও পথিকে, ওযে ঘুমে অচেতন’ গেয়ে শোনান। সবচেয়ে বেশি গান রবীন্দ্র সঙ্গীত, ‘আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’, যদি তারে নাই চিনিগো’, ‘বসন্তে কি শুরু কেবল ফোটা ফুলের মেলা রে’, ‘আহা তোমার সঙ্গে প্রাণের খেলা’। চেনা সুরে সুর মেলান দর্শকরাও।

রবীন্দ্রনাথের শেষে গাইলেন রজনীকান্তের ‘ধীরে সমীরে চঞ্চল নীড়ে খেলে যাবে’। গাইলেন  দিজেন্দ্র লাল রায়ের  ‘জীবনটাতো দেখা গেলো কেবল কোলাহল’।

শেষ করলেন অতুল প্রসাদের গান দিয়ে, ‘যাবোনা যাবোনা ঘরে’ ও ‘আমি বাঁধিনু তোমার তীরে তরণী’।

গান শেষ হলেও মুগ্ধতা রয়ে গেল সবার মাঝে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.