Sylhet Today 24 PRINT

দুই বাংলা নাট্য উৎসব : আজ ঢাকা থিয়েটারের ‘ধাবমান’

নিজস্ব প্রতিবেদক |  ২১ মার্চ, ২০১৮

‘ফাগুন দিনের ডাক, দুই বাংলার ঝড়ো সংলাপে আঁধার দূরে মিলাক’- এমন আহ্বানে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে সিলেটে শুরু হওয়া ‘দুই বাংলা নাট্য উৎসব’ এর ৩য় দিনে আজ মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের নাটক ‘ধাবমান’। বুধবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হবে নাটকটি।

প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের রচনায় ‘ধাবমান’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। নাটকের দর্শকদের জন্য প্রবেশমূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রবেশপত্র পাওয়া যাবে শো শুরুর আগে হল কাউন্টারে।

প্রযোজনা সূত্রে জানা গেছে, নেত্রকোনার বিরিশিরি-দূর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল সোমেশ্বরী নদী এই নাটকের পটভূমি। এ অঞ্চলের বাঙালি আর গারোদের হাজার বছরের সংঘাত, যুদ্ধ, ধর্মান্তর প্রক্রিয়ার দৃশ্যায়ন ঘটেছে এখানে। উঠে এসেছে জাতি-ধর্ম-বর্ণকে লীন করে দেয়া সংস্কৃতির ছন্দময় স্রোত।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ মার্চ) সন্ধ্যায় দুই বাংলার এই নাট্যোৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কলকাতার প্রবীণ নাট্যজন প্রবীর গুহ, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, পরিচালক চম্পক সরকার ও কনোজ চক্রবর্তী বুলবুল।

উদ্বোধনের পর উৎসবের ১ম দিনে (১৯ মার্চ) মঞ্চস্থ হয় কলকাতার অল্টারনেটিভ লিভিং থিয়েটারের নাটক ‘লং মার্চ’। প্রবীর গুহ’র রচনায় নাটকটির নির্দেশনা ও সংগীত পরিচালনা করেন শুভদীপ গুহ। এরপর দ্বিতীয় দিনে (২০ মার্চ) মঞ্চস্থ হয় একই নাট্যদলের নাটক ‘তিতাস একটি নদীর নাম’। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দেন প্রবীর গুহ এবং সংগীত পরিচালনা করেন শুভদীপ গুহ।

দুই বাংলার এ নাট্যোৎসব চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। উৎসবে প্রদর্শিত নাটকগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.