Sylhet Today 24 PRINT

সিলেটে ‘নাট্যমঞ্চ’-এর ত্রিশবছর পূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ডিসেম্বর, ২০১৯

সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেটের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রিশবছর যাত্রা উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। বিকেল সাড়ে ৪টায় নাট্যমঞ্চে নাট্যকর্মীদের পরিবেশনায় আবৃত্তি ও গানের মধ্য দিয়ে শুরু হয় ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টায় মূল আনুষ্ঠানিকতা পর্বে মঞ্চে ত্রিশটি মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু।

নাট্যমঞ্চ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার এবং জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন শেষে নাট্যমঞ্চকে শুভাশিষ জানিয়ে অতিথিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সিলেটের সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধশালী। যুগ যুগ ধরে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

তারা বলেন, নাট্যমঞ্চ সিলেট মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তাদের গৌরবময় পথ পরিক্রমায় সিলেটের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছে।

বক্তারা সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে বলে প্রত্যাশা করেন।

রাত সাড়ে ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যামোদী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠান পরিবেশন করেন নাট্যমঞ্চ সিলেট, ছন্দ নৃত্যালয়, একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস, একদল ফিনিক্স, নগরনাট, দিক থিয়েটার, লিটল থিয়েটার, মৃত্তিকায় মহাকাল। প্রত্যেকটি দলের হাতে পর্যায়ক্রমে উৎসব স্মারক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনির্মল কুমার দেব মীন, কবি এ কে শেরাম, নাট্য সংগঠক খোয়াজ রহিম সবুজ, সংবাদকর্মী প্রত্যুষ তালুকদার, নাট্য সংগঠক সুপ্রিয় দেব শান্ত, ফারজানা সুমী প্রমুখ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে নাট্যমঞ্চ সিলেটের ত্রিশ বছরে যাত্রা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.