Sylhet Today 24 PRINT

রাবি শিক্ষককে হত্যার হুমকি, থানায় জিডি

রাবি প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০২০

উড়ো চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ায় ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জিডি দায়েরের তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ওই শিক্ষক নিরাপত্তা চেয়ে বিকেলে জিডি করেছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

জিডিতে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের অফিস কক্ষে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নামে একটি বেনামি চিঠি পায় বিভাগের একজন কর্মচারী। চিঠি খুলে দেখা যায় সেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘একজন শিক্ষক হিসেবে একাডেমিক বিষয় ছাড়া অন্য কিছুতে আমি জড়িত নেই। ব্যক্তিগতভাবে কারও সঙ্গে আমার বিরোধ নাই। তবে আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে স্বাধীনতার পক্ষে বিভিন্ন সময় কথা বলে থাকি। আমার কথা কারও অপছন্দ হওয়ায় তারা এই হুমকি দিতে পারে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.