Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু চেয়েছিলেন বৈষম্যহীন বাংলাদেশ: ড. ফরাস উদ্দিন

শাবি প্রতিনিধি |  ১৪ আগস্ট, ২০২১

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর সাবেক ব্যক্তিগত সহকারি ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন তা ছিল কৃষক শ্রমিক মজুরের স্বাধীনতা। তিনি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে অনেকেই হিমালয় এর সাথে তুলনা করেছেন কিন্তু তিনি সবসময় ধুলার মানুষের সাথেই থাকতে চেয়েছেন। গরীব মানুষের সাথে থেকে চেয়েছেন। অনেকেই বঙ্গবন্ধুকে খাঁটি সমাজতান্ত্রিক মনে করেন। আমি এর সাথে দ্বিমত পোষণ করি। বঙ্গবন্ধু একটি কল্যাণরাষ্ট্রের স্বপ্ন দেখছেন।

শনিবার (১৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি’র উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফরাস উদ্দিন এসব কথা বলেন।

‘উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অর্থনৈতিক ভাবনা’ শীর্ষক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইসমাইল হোসেন, শাবিপ্রবি অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবদুল মুনিম জোয়ারদার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ আলম।

ড. ফরাস উদ্দিন আরও বলেন, কোন পাঠ্যপুস্তক থেকে অর্থনীতি শিখেননি। তার পাঠ্যপুস্তক ছিল বাংলার মানুষ। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন। তবে বাংলাদেশে এখনো বৈষম্য আছে। জাতির পিতা সেই বৈষম্য চাননি। আজকের নতুন প্রজন্মকে দেশপ্রেমের দীক্ষায় দীক্ষিত হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এজন্য বঙ্গবন্ধুকে অধ্যয়ন করতে হবে। তিনি শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না তাঁর কর্ম ও প্রজ্ঞা তাকে বিশ্বনেতা হিসেবে রূপান্তরিত করেছিল।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান আমলে আমরা নানাভাবে বঞ্চিত হচ্ছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে সেই বঞ্চনা থেকে মুক্তি দিয়েছেন।

অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি সঞ্জিত কুমার বণিকের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাসমির রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দে সংগঠনের সভাপতি মোছলেহ উদ্দিন আহম্মদ খুশবু।

ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারের অর্থ বিভাগের উপসচিব মো. নজরুল ইসলাম, উপসচিব মোস্তফা মোরশেদ, শাবিপ্রবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকী ও এমসি কলেজের সহকারী অধ্যাপক জেবিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ মমতাজুল ইসলাম রনি।

উল্লেখ্য, অর্থনীতি এলামনাই এসোসিয়েশন শাবিপ্রবি ১৫ আগস্ট বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। একই দিন বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.