Sylhet Today 24 PRINT

শতভাগ টিকা নিশ্চিতে এনআইডির নিবন্ধনের তথ্য চাইলো শাবি

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শতভাগ কোভিড-১৯ টিকা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের তথ্য প্রদান করতে নির্দেশ দেয়া যাচ্ছে। যাদের এনআইডি নেই তাদেরকে আগামী ৪ নভেম্বরের মধ্যে নিম্নোক্ত তথ্যসমূহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের জনসংযোগ শাখায় প্রেরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এনআইডির জন্য আবেদন করতে প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে ফরম পূরণ করে ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি জমা দিতে হবে। এ ফরম পূরণ করার সময় পিতা-মাতার এনআইডি নম্বর দিতে পারবেন শিক্ষার্থীরা। তবে এটি দিতে বাধ্যবাধকতা নেই। এছাড়া আবেদনকারীর জন্ম সনদ, এসএসসি/সমমানের সনদ ও বিশ্ববিদ্যালয় আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.