Sylhet Today 24 PRINT

শাবিতে রিম মিউজিক্যাল ক্লাবের দেড় যুগ পূর্তি উৎসব শুরু

শাবি প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৫

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিষয়ক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাবের তিন দিন ব্যাপী দেড়যুগ(১৮বছর) পূর্তি উৎসব শুরু হয়েছে। আগামী শনিবার শেষ হবে এ উৎসব।
 
প্রথমদিন বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সভাপতি ইমরান হোসাইন প্রমুখ।

প্রথম দিনে আরও ছিল, কেক কাটা, শাবির সাবেক শিক্ষার্থী রোকন ও ইফতেখারের স্মরণে দুআ মাহফিল এবং সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। এ প্রদর্শনী শেষ দিন পর্যন্ত চলবে।

দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা ৫টায় থাকছে জনপ্রিয় ব্যান্ডদল মেঘদল, সার্কেল, মিনারভার পরিবেশনার পাশাপাশি রিমের নিজস্ব পরিবেশনায় কনসার্ট। একাডেমিক ভবন ‘ডি’ এর গ্রাউন্ডে অনুষ্ঠেয় কনসার্টের টিকেটের মূল্য ধরা হয়েছে ১০০টাকা। শেষ দিন শনিবার রাতে রিমের সদস্যদের নিয়ে রয়েছে বার-বি-কিউ পার্টি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে ক্যাম্পাসে কার্যকর সঙ্গীত চর্চার উদ্দেশ্যে সংগঠনের যাত্রা শুরু হয় রিম মিউজিক্যাল ক্লাবের। শাবির দুই মেধাবী ছাত্র রোকন ও ইফতেখারের স্মরণে রিম নামকরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.