Sylhet Today 24 PRINT

রাবির ক্লাসরুমে শিক্ষককে হেনস্তা, ছাত্র বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় একই বিভাগের আশিক উল্লাহ নামের শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. আশিক উল্লাহ দীর্ঘদিন ধরে একাধিকবার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে। বিভিন্ন সময়ে সে শিক্ষক-শিক্ষার্থীদের হত্যার হুমকি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার আইন বিভাগের ক্লাসরুমে শিক্ষিকা অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দীকাকে হেনস্তা করার পরিপ্রেক্ষিতে এবং বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে সাময়িকভাবে বহিষ্কার করার নির্দেশ প্রদান করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.