শাবিপ্রবি প্রতিনিধি | ২৬ আগস্ট, ২০২২
সম্প্রতি সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'।
শুক্রবার (২৬ আগস্ট) কোম্পানিগঞ্জ উপজেলার ৩নং ইউনিয়নের চাটিবহর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
এসময় পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন, কাঠ, পেরেকসহ অন্যান্য সামগ্রী প্রদান করে সংগঠনটি।
সার্বিক বিষয়ে শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, শাবি প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার সংরক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংকট, সম্ভাবনাগুলোকে মানুষের কাছে তুলে ধরে থাকে। পাশাপাশি বিভিন্ন দূর্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়েছে। আগামীতেও শাবি প্রেসক্লাবের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুল হাসান, কোষাধ্যক্ষ হাসান নাঈম, রাহাত হাসান মিশকাত,শাবির পরিক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদিরসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।