Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন ৫ জানুয়ারি

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘সোশ্যাল ওয়ার্ক এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)।  

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে শাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম মাহবুবুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শাবিপ্রবি’র সমাজকর্ম বিভাগের উদ্যোগে ২য় বারের মতো ”সোশ্যাল ওয়ার্ক এ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট” বিষয়ে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এ সম্মেলন শুরু হবে, চলবে শনিবার (৭ জানুয়ারি) পর্যন্ত। সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরান, নেপাল, ভারত, পাকিস্থান, ইন্দোনেশিয়াসহ মোট ১৪টি দেশের ২৫০ জন সরাসরি এবং অনলাইনে অংশগ্রহণ করবেন। তারা ১৬৬টি গবেষণাপত্র উপস্থাপন করবেন।  এছাড়া কনফারেন্সে মোট ৪টি ‘কি-নোট অধিবেশন’ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ২টি হবে অনলাইনে (ভার্চুয়াল) এবং ২টি সরাসরি অনুষ্ঠিত হবে। এতে ‘প্যারালাল অধিবেশন’ হবে মোট ২৮টি।  

এদিকে আগামী বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যারয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। অন্যদিকে সমাপনী অধিবেশনে (৭ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখবেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশি কী-নোট স্পীকার হিসেবে ৪ জন, বিভিন্ন দেশের ১০জন বক্তব্য রাখবেন।
 
এসময় সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, অধ্যাপক তাহমিনা ইসলাম, অধ্যাপক ড. শফিকুর রহমান, সম্মেলনের সেক্রেটারি অধ্যাপক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে ২০১৮ সালে দেশে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে সমাজকর্ম বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.