Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০২৩

শাবিপ্রবি যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ভাষা শহীদদের স্মরণ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাচ ধারণ, জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়।

পরে সকাল ৮টা ১০মিনিটে প্রভাত ফেরী ও কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি শেষে উদযাপন কমিটি, বিভিন্ন বিভাগ, অনুষদ, হল প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য। তারপর বিভিন্ন সংগঠনের  পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দিনব্যাপী দেশাত্মবোধক গান সম্প্রচারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কবির হোসেন, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিনরা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় প্রধান, হল প্রভোস্টরা, প্রক্টর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.