Sylhet Today 24 PRINT

‘শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধুও বটে’

সিকৃবি প্রতিনিধি |  ২৩ মে, ২০২৩

শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বঙ্গবন্ধু উপাধিই লাভ করেননি, বিশ্ব শান্তি পরিষদে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু ঘোষণা করা হয়েছিল । কিন্তু সেটি প্রচার বা গুরুত্বের সাথে না দেখায়, সেটি প্রচার সম্ভব হয়নি

মঙ্গলবার (২৩ মে) দুপুরে বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' পদক প্রাপ্তির পঞ্চাশতম দিবস উদযাপন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মোঃ জামাল উদ্দিন ভূঞা তিনি এসব কথা বলেন।

দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ডা মোঃ জামাল উদ্দিন ভূঞার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়ার বডি, রেজিস্ট্রার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী, বাংলাদেশ ছাত্রলীগ সিকৃবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাদ মাহফুজের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ জামাল উদ্দিন ভূঞা বলেন, "বঙ্গবন্ধু তার কথায়, কাজে, বিবৃতিতে পৃথিবীর সকল নির্যাতিত মানুষের পক্ষে এবং অন্যায়, অসৌজন্যতা ও নায্য দাবি আদায়ের জন্য লড়ে অনেক ত্যাগের পর রাষ্ট্রীয় স্বাধীনতা পেয়েছেন। তাকে এর কৃতিত্ব স্বরুপ বিশ্ব শান্তি পরিষদ 'বিশ্ববন্ধু' ঘোষণা ও 'জুলিও কুরি' শান্তি পদক প্রদান করেছিলেন। এছাড়াও বঙ্গবন্ধুর দেশপ্রেম, মানবপ্রেম ও আদর্শ অনুসরণ করে চলার এবং দেশের জন্য কাজ করার জন্য সবাইকে তিনি আহ্বান করেন।"

১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির রাজধানী সান্তিয়াগোতে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় বাঙালি জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির স্বপক্ষে বঙ্গবন্ধুর অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের জন্য শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র প্রস্তাব উপস্থাপন করেন। পৃথিবীর ১৪০টি দেশের শান্তি পরিষদের ২০০ প্রতিনিধির উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। শান্তি পরিষদের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সের বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করেন ।

এসময় তিনি বলেন, ‘শেখ মুজিব শুধু বঙ্গবন্ধু নন, তিনি বিশ্ববন্ধুও বটে’। এ সম্মান পাওয়ার পর বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন “এ সম্মান কোনো ব্যক্তিবিশেষের জন্য নয়। এ সম্মান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের, স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের। ‘জুলিও কুরি’ শান্তি পদক সমগ্র বাঙালি জাতির।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.