Sylhet Today 24 PRINT

বুধবারে ক্লাসে ফিরছেন শিক্ষকরা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০১৬

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। মঙ্গলবার চলমান কর্মসূচির বিষয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ফেডারেশনের নেতারা। তাই বুধবার দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে ফিরছেন।

ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ মিলনায়তনে প্রায় এক ঘণ্টার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে যদি দাবি মেনে নেয়া না হয় তাহলে শিক্ষক সমিতি ফেডারেশন আবার বৈঠক করবে। শিক্ষকদের দাবি যদি খণ্ডিত আকারে বাস্তবায়ন হয় বা দাবি পূরনে বিলম্ব করা হয় তাহলে শিক্ষক সমিতির ফেডারেশন তা গ্রহণ করবে না।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমরা আওয়ামীপন্থি শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছি। আমরা মূলত নিজেদের করণীয় বিষয়ে এ আলোচনায় বসি।’

অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড বহাল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে গত ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.